বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, "যাদের এখনই মাথা নষ্ট হয়ে গেছে, চৈত্র মাস আসলে তাদের কী হবে? জনগণ পুরোনো পচা রাজনীতি, পরিবারতন্ত্র বা ব্যক্তিগোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি আর চায় না। তারা জনগণের সরকার দেখতে চায়।"
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, "বাংলাদেশ একটি সম্পদশালী দেশ হলেও দীর্ঘ ৭৭ বছরে (১৯৪৭-২০২৬) অসৎ নেতৃত্বের কারণে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। ইনশাআল্লাহ, আগামী ১৩ তারিখের নির্বাচনে আপনারা যদি ১১ দলীয় জোটকে জয়ী করেন, তবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। কৃষি ও কৃষককে আমরা শিল্প ও শিল্পীতে পরিণত করব।"
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "দেশের টাকা চুরি করে যারা বিদেশে রাজার হালে আছে, তাদের ঘুম আমরা হারাম করে দেব। শুধু তাদের সম্পদ নয়, চোরদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমরা ছোট চোর নয়, বড় চোরদের ধরব।"
এবারের নির্বাচনকে জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, "এই নির্বাচনে প্রথম ভোট হবে গণভোটে ‘হ্যাঁ’। ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামী। কিছু লোক প্রথমে ‘না’ ভোটের ক্যাম্পেইন করলেও এখন জনগণের ঢল দেখে বলছে ‘হ্যাঁ’। একেই বলে ঠ্যালার নাম বাবাজি। জনগণের ঠ্যালা ভীষণ শক্তিশালী, যা সাগরের উত্তাল ঢেউকেও থামিয়ে দেয়।"
তিনি আরও বলেন, "৫ আগস্টের পর যারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করছে এবং ঋণখেলাপিদের নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে—জনগণ তাদের আর বিশ্বাস করে না। যুবসমাজ এখন আর বেকার ভাতা বা কার্ডের রাজনীতি চায় না, তারা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ চায়।"
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও সদর-৪ আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং মাওলানা মঞ্জরুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য প্রদান করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments