ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বেইমানদের লাল কার্ড দেখানোর প্রতিশ্রুতি জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বেইমান ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। বুধবার (৪ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “মতলব বাজদের রাজনীতির কবর রচিত হতে শুরু করেছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা জাতির সঙ্গে বেইমানি করেছে, তাদের লাল কার্ড দেখানোর এখন সময়।” তিনি আরও বলেন, রাজনীতি হলো দায়িত্ব, দুর্নীতি নয়। যারা দুর্নীতি করেছে তারা চোর এবং লুন্ঠনকারী; বিদেশে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। তবে আল্লাহ ইচ্ছে করলে জনগণের ভালবাসা ও সমর্থনে তাদের মুখের ভিতর সব বের করে আনা হবে।
তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমরা যৌবন ও তারুণ্য দৃপ্ত একটি বাংলাদেশ গড়তে চাই। তোমাদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও দক্ষ কারিগর বানিয়ে বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। পাইলটের আসনে বসাবে, আমরা যাত্রী হিসেবে তোমাদের জন্য দোয়া করব।”
ডা. শফিকুর রহমান তিস্তা নদী প্রসঙ্গে বলেন, “তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। যেকোন মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের স্বার্থ আগে, কারও লালচে চোখ আমরা মেনে নেব না।”
তিনি উন্নয়ন ও সাধারণ মানুষের সেবার কথাও তুলে ধরেন। নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার, সরকারি কর্মকর্তাদের সম্মান নিশ্চিত করার এবং দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এদেশের মানুষ তোমাদের অনেক দেখেছে, এবার আমাদের সুযোগ দাও। আমরা দেশ ছেড়ে পালাব না, মাটি কামড়ে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব।”
জনসভায় লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে লালমনিরহাট ও নীলফামারীর ৭টি আসনের ১২ দলীয় জোটের প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments