শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এই দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় এনসিপি গভীর ক্ষোভ প্রকাশ করছে। এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এনসিপি মনে করে, এই হামলা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, বরং এটি একটি ভয়ংকর বার্তা—যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে ন্যায্য আন্দোলন দমনের এই অপচেষ্টাকে দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। এটি এখন স্পষ্ট যে, সরকার ও বিচার ব্যবস্থা শহীদ হাদির হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে।
জাতীয় নাগরিক পার্টি আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের পরিবারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একইসঙ্গে দলটি জোরালো দাবি জানিয়েছে যে, অনতিবিলম্বে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments