পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান, ৪ এস্কেভেটর অকেজো
রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটা বন্ধে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম এলাকা এবং প্রবল বৃষ্টির মধ্যেই এই অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর (ভেকু) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয় এবং মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবাদি জমির শ্রেণি পরিবর্তনের কোনো সুযোগ নেই।
অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ফলে একদিকে যেমন জমির উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় মাটি খেকোদের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments