পরিচ্ছন্ন টুঙ্গিপাড়া গড়তে ৬.৫ কিলোমিটার ড্রেন পরিষ্কারের অভিযান
জলাবদ্ধতা নিরসন, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ব্যাপক ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর এলাকার পাটগাতি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জহিরুল আলম বলেন, একটি বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত পৌর এলাকা গড়ে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। ড্রেন পরিষ্কার শেষে মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; পরিচ্ছন্ন শহর গড়তে নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। কোথাও ড্রেনেজ সমস্যা সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রথম ধাপে পাটগাতি বাজার এলাকার প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং পাচকাহনিয়া এলাকার প্রায় ৫০০ মিটারসহ মোট সাড়ে ৬ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে। পুরো কার্যক্রম শেষ করতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।
পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




Comments