Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ ইসলাম এই আবেদনটি দায়ের করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) অথবা ১২ ফেব্রুয়ারির ভোটের আগেই এই আবেদনের ওপর শুনানির চেষ্টা চালানো হবে।

এর আগে এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদ ইসলামের করা একটি রিট আবেদন গত ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল আবেদনটি জমা দেওয়া হয়।

আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, "লিভ টু আপিলে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা এবং তাকে 'ধানের শীষ' প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। আমরা দ্রুত শুনানির চেষ্টা করছি।"

নাহিদ ইসলামের অভিযোগ, এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর নাগরিক। রিট আবেদনে দাবি করা হয়েছে, কাইয়ুম ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করার তথ্যটি তার নির্বাচনি হলফনামায় গোপন করেছেন। দ্বৈত নাগরিক হওয়ার কারণে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন বলে নাহিদ ইসলামের দাবি।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আর মাত্র চারদিন বাকি থাকতে এই আইনি লড়াই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে গত ২২ জানুয়ারি তাকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়। এখন দেখার বিষয়, উচ্চ আদালত থেকে এই প্রার্থিতার বিষয়ে কী সিদ্ধান্ত আসে।

মানবকণ্ঠ/ডিআর