নির্বাচনের আগে বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্রের মজুদ করা হচ্ছে: আসিফ মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্রের মজুদ করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনের মাঠ অস্থিতিশীল করতে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুদ করা হচ্ছে। অনেক প্রার্থী উঠান বৈঠকের নামে ভোটারদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, এসব গুরুতর অভিযোগের বিপরীতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না।”
তিনি দ্রুততম সময়ে এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কমিশনের প্রতি আহ্বান জানান।
গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না বলে আশঙ্কা প্রকাশ করেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করার পরেও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যার প্রতিফলন দলটির ইশতেহারে স্পষ্ট হয়ে উঠেছে। তারা ক্ষমতায় আসলে বিগত ফ্যাসিবাদের কোনো বিচার হবে না বলে আমরা মনে করি।”
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন যে, বিএনপি বর্তমানে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফিরিয়ে আনার জন্য কাজ করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এমন কোনো অশুভ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এনসিপির এই মুখপাত্রের এমন মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments