Image description

বিএনপি ক্ষমতায় এলে দেশে নারী শিক্ষার প্রসারে মেয়েদের স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যন্ত অবৈতনিক বা বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা-বিষয়ক এক আলোচনা ও চা-চক্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচএস ও নিকেতনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় জুবাইদা রহমান বলেন, “দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী। তাই নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই পূর্ণতা পেতে পারে না। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারী শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অবদান রাখতে হবে।”

স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে এই চিকিৎসক বলেন, “চিকিৎসার অভাবে সন্তান জন্মদানের সময় অনেক মা আজও অকালে প্রাণ হারান। আমাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসব সুবিধা নিশ্চিত করা হবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হবে।”

কর্মজীবী নারীদের কল্যাণে বিএনপি’র ইশতেহারের বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, “সবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা এবং কর্মস্থলে ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজ করতে পারেন। গার্মেন্টসকর্মীসহ নারী শিক্ষার্থীদের পথচলা ও অবস্থান নিরাপদ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক অবক্ষয় ও বয়োজ্যেষ্ঠদের নিরাপত্তা প্রসঙ্গে জুবাইদা রহমান আবেগঘন কণ্ঠে বলেন, “পিতা-মাতার ভরণপোষণ আইনের কঠোর ও কার্যকর বাস্তবায়ন করা হবে। কোনো বৃদ্ধ মা-বাবাকে যেন অবহেলার শিকার হতে না হয়, তা রাষ্ট্র নিশ্চিত করবে। এছাড়া নারী উদ্যোক্তাদের সহায়তায় ‘নারী সাপোর্ট সেল’ গঠন এবং আর্থিক ও দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।”

সভায় উপস্থিত বক্তারা এলাকার পরিবেশ, যানজট ও নাগরিক সমস্যার কথা তুলে ধরলে জুবাইদা রহমান জানান, এসব সমস্যার সুনির্দিষ্ট সমাধান বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

গুলশান সোসাইটির শায়লা রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, স্থপতি ও পাইলট ক্যাপ্টেন ইয়াসমিন, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অধ্যাপক নায়লা জামান, শেফ আল্পনা হাবিব, জেবুন নাহার মঈন, নাজমা ইসলাম প্রমুখ। বারিধারা, বনানী, নিকেতন ও ডিওএইচএস এলাকার বিভিন্ন স্তরের নারী উদ্যোক্তা ও সমাজকর্মীরা এই সভায় অংশগ্রহণ করেন।

মানবকণ্ঠ/ডিআর