Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট।

এ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব।

নির্বাচনে পরাজিত হলেও দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করেছেন রাশেদ খান। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঝিনাইদহ-৪ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি লেখেন, তার জন্য সবকিছুই ছিল নতুন এবং নানা ধরনের ষড়যন্ত্র সত্ত্বেও স্বল্প সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন। ভোটারদের ভালোবাসায় তিনি মুগ্ধ বলেও উল্লেখ করেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় থাকায় ঝিনাইদহ-৪ আসনের উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই এগিয়ে যাবে এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

পোস্টে তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা তাকে সাহস জুগিয়েছেন।

সবশেষে তিনি সবাইকে সহনশীল ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, সবকিছু মেনে নিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে। মহান আল্লাহর কাছে সহায়তা কামনা করেন তিনি।

মানবকণ্ঠ/আরআই