আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি জাতির গৌরবময় দিন। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-যুবসমাজ ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠী গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হন। ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির বৈশ্বিক স্বীকৃতি ভাষাশহীদদের প্রতি সম্মান প্রদর্শনেরই প্রতীক। তিনি রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করছে যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে ‘পতিত ফ্যাসিবাদের দোসররা’ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।
তিনি আরও বলেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে—এমন প্রত্যাশা জনগণের রয়েছে। জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
সবশেষে, দলীয় নেতাকর্মীদের ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন করার নির্দেশনা দেন ডা. শফিকুর রহমান।
মানবকণ্ঠ/আরআই




Comments