শহীদ মিনারে জাতীয় পার্টিকে দেখে 'ভুয়া ভুয়া' স্লোগান, কেড়ে নেওয়া হল ফুল
অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে চরম বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একদল নেতাকর্মীর ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও তোড়া ছিনতাইয়ের মুখে শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ত্যাগ করতে হয় তাদের।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের দেওয়া তথ্যমতে, রাত ২টার দিকে এনসিপির ঢাকা মহানগর ইউনিটের নেতাকর্মীদের পেছনে ব্যানার ও ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারের মূল বেদির দিকে যাচ্ছিলেন জাতীয় পার্টির কয়েকজন কর্মী। তবে সেখানে দলটির কেন্দ্রীয় পর্যায়ের কোনো পরিচিত নেতাকে দেখা যায়নি।
জাতীয় পার্টির কর্মীদের ব্যানার দেখার পরপরই এনসিপির নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু করেন। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে এনসিপি কর্মীরা জাপার ব্যানার ও হাতের ফুলের তোড়া কেড়ে নেন। এমন বৈরী পরিস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করতে না পেরে জাপা নেতাকর্মীরা দ্রুত শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় রয়েছে গত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। বিভিন্ন মহলে ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে অভিযুক্ত হওয়ার পর দলটির কার্যালয়ে একাধিকবার হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৈরী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও কোনো আসনেই জয়লাভ করতে পারেনি দলটি। এবারের শহীদ মিনারের ঘটনাটি দলটির বর্তমান রাজনৈতিক সংকটেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments