ওমানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের এবারের যাত্রা শেষ করল অস্ট্রেলিয়া। বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে কোনো পাত্তাই পায়নি ওমান। ১০৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অজিরা ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলীয় বোলারদের তোপের মুখে পড়ে ওমান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায়। ওমানের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলি। এছাড়া জতীন্দর সিং ১৭ এবং হাম্মাদ মির্জা ১৬ রান করেন। দলের বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে বিধ্বংসী ছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা। মাত্র ২১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। এছাড়া জাভিয়ার বার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল দুটি করে উইকেট নিয়ে ওমানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
১০৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অজি ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতেই ৯৩ রান সংগ্রহ করেন। জয় থেকে মাত্র ১২ রান দূরে থাকতে ব্যক্তিগত ৩২ রানে আউট হন হেড। এরপর জশ ইংলিশকে সঙ্গে নিয়ে বাকি কাজ অনায়াসেই শেষ করেন অধিনায়ক মিচেল মার্শ। মার্শ মাত্র ৩৩ বলে ৬৪ রানের এক দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন, আর ইংলিশ ১২ রানে অপরাজিত থাকেন।
এই বড় জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের অভিযান শেষ করল ২০০১ সালের চ্যাম্পিয়নরা।
মানবকণ্ঠ/আরআই




Comments