দলীয় নেতাকর্মীদের বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেননি। এ সময় একদল নেতাকর্মী তার আনা পুষ্পস্তবক ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা শহীদ মিনারে পৌঁছান। তিনি যখন বেদির সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়েছিলেন, তখন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংসদ সদস্যের আনা ফুলের তোড়াটি ছিঁড়ে ফেলা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে কর্মী-সমর্থক ও পুলিশের পাহারায় তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে রুমিন ফারহানার ক্ষুব্ধ সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর গেট এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ঘটনা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "নিয়ম অনুযায়ী আমি প্রথমে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। কিন্তু কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় এসে স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তার পরিণতি ভয়াবহ হবে। দলের পদ ব্যবহার করে যারা এমন হিংস্রতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দলের উচ্চপর্যায়ের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"
পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, "শহীদ মিনারে বিশৃঙ্খলার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
মানবকণ্ঠ/আরআই




Comments