পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়েই দেশে ‘খুনের রাজনীতি’ শুরু হয়: বিরোধীদলীয় নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ও বর্বরোচিত ঘটনা। এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডের মধ্য দিয়েই মূলত বাংলাদেশে ‘খুনের রাজনীতি’ শুরু হয়েছিল।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে পিলখানা ট্র্যাজেডি ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পিলখানায় দেশের মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ও সার্বভৌমত্বের মূলে আঘাত করা হয়েছে। এই ঘটনার প্রকৃত রহস্য আড়াল করতে তৎকালীন শাসকরা অত্যন্ত সুকৌশলে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। জাতি আজ এই বর্বরোচিত ঘটনার নেপথ্যের প্রকৃত সত্য জানতে চায়।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী কখনও দেশ পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সত্যিকার ও ইনসাফপূর্ণ বিচার নিশ্চিত করবে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন প্রতিহিংসার রাজনীতি থেকে চিরতরে মুক্তি চায়। আমরা চাই দেশে আর কখনও প্রতিহিংসার রাজনীতি ফিরে না আসুক। দেশের সব মানুষের প্রতি আমাদের অঙ্গীকার হলো—একটি নিরাপদ ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণ করা।
ইফতার মাহফিলে পিলখানা ট্র্যাজেডি ও জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়। জামায়াত আমির বলেন, শহিদ পরিবারের এই মহান আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পিলখানা ও জুলাই বিপ্লবে শহিদ হওয়া সেনাসদস্য ও সাধারণ মানুষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments