রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ও গত নির্বাচনে ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, মির্জা আব্বাসের কিছু হলে তার জন্য ৮০ শতাংশ দায়ী থাকবে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা।
ফেসবুক পোস্টে মেঘনা আলম মির্জা আব্বাসের সঙ্গে তার একটি স্মৃতির কথা উল্লেখ করে লেখেন, "মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেছিলেন, তখন তিনি একজন বয়স্ক ও সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সেটি গ্রহণ করেন। ওনার ভদ্রতা ও শিষ্টাচার কতখানি, তা আমি তখনই বুঝতে পারি। আমি নতুন, নারী ও কম বয়সী হওয়া সত্ত্বেও আমার প্রতি শ্রদ্ধা দেখানোর বোধ ওনার ছিল।"
মেঘনা আলম আরও জানান, মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই সময় মেঘনা যখন একটি ভুয়া মামলায় পড়েছিলেন, তখন মির্জা আব্বাস তাকে সাহস দিয়ে বলেছিলেন—জনপ্রিয় মানুষের বিরুদ্ধে এমন ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই।
সম্প্রতি জনৈক পাটওয়ারীর একটি বক্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে বিরূপ মন্তব্য করার কঠোর সমালোচনা করেন মেঘনা আলম। তিনি বলেন, "সন্তানের বিষয়টি যেকোনো মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। পাটোয়ারির এ ধরনের মন্তব্য করা মোটেও ঠিক হয়নি।"
শেষে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, "মির্জা আব্বাস সাহেব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এটাই প্রত্যাশা। তবে ওনার যদি কোনো ক্ষতি হয়, তবে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্যকেই এর বড় কারণ হিসেবে ধরা হবে।"
উল্লেখ্য, গত বুধবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আজ তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments