Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে প্রচণ্ড পেটব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে সারজিস আলমের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক সমস্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এনসিপির এই নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন।

মানবকণ্ঠ/আরআই