Image description

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মে) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধানমন্ডি-৩২ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে এবং শেরেবাংলা নগর এলাকা থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা ধানমন্ডি-৩২ এলাকায় জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিল বের করার অপচেষ্টা চালাচ্ছিল। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে একটি ‘শপথ কর্মসূচি’ পালন করা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের পরিচয় ও দলীয় সংশ্লিষ্টতা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় পৃথক আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় এ ধরনের যেকোনো জমায়েত বা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।