Image description

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন বিএনপি সরকারকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিরোধী দল বারবার শান্তি ও সদিচ্ছা দেখালেও সরকারি দল সহিংসতা বেছে নিচ্ছে। তবে যুবসমাজকে উসকে দিলে তার পরিণতি কখনো ভালো হবে না।

শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম 'ইউনাইটেড পিপল’স বাংলাদেশ' (আপ বাংলাদেশ)-এর ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতা-কর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের আজ শুক্রবার রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসিফ মাহমুদ বলেন:

"যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স (সহিংসতা) বেছে নেন, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কী করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু সরকারি দল যদি ভায়োলেন্সকে একমাত্র রাজনৈতিক হাতিয়ার করতে চায়, তবে এটা যে আমাদের চেয়ে বেশি কেউ পারবে না, তা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি।"

তিনি আরও যোগ করেন, এই লড়াই কোনো নির্দিষ্ট দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়, বরং পুরো একটা প্রজন্মের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুল করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, "আশা করি, এই ভুলটা তারেক রহমান করবেন না।"

অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বর্তমান বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে বলেন:

জাতীয় নির্বাচনের পর থেকে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তার সংকট চরমভাবে বেড়েছে।

দেশের মা-বোনেরা এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্ব পালনে অনীহা দেখা যাচ্ছে, তাকে 

মাঝেমধ্যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বলে মনে হয়।

এভাবে ব্যর্থ রাষ্ট্রব্যবস্থা চলতে থাকলে দেশের জনগণ সামনের দিনে রাজপথে নেমে আসতে বাধ্য হবে বলে তিনি সতর্ক করেন।

'ছাত্রলীগ-যুবলীগের মতো দমনের চেষ্টা করলে খারাপ পতন হবে': সারজিস আলম

অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঝিনাইদহের হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, জুমার নামাজের পর মতবিনিময়ের ঘোষণা দিলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালায়। কিছুদিন আগে শাহবাগ থানায় সাংবাদিকদের পেটানোর ঘটনারও কোনো বিচার হয়নি।

পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার পর প্রধানমন্ত্রীর পরিদর্শনের কথা উল্লেখ করে সারজিস আলম বলেন,

"সহমর্মিতার জন্য ধন্যবাদ, কিন্তু এটি যদি শুধু একদিনের ইস্যু ধামাচাপা দেওয়ার খেলা হয় এবং আগামী ছয় মাসেও বিচার না হয়, তবে এই সহমর্মিতার কার্ড দেশের জনগণ আর মেনে নেবে না।"

তিনি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা যদি আগের ছাত্রলীগ-যুবলীগের মতো পেটোয়া বাহিনী হিসেবে অন্য দলমতের ওপর দমন-পীড়ন চালাতে চায়, তবে তাদের আরও খারাপভাবে পতন হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/আরআই