রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করার সরকারি সিদ্ধান্তকে ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং এ জন্য তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা যৌক্তিক নয় বলে তিনি মনে করেন।
তিনি উল্লেখ করেন, "তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তা না করে যে হাসপাতালটি 'গরিবের হাসপাতাল' নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, আজ তারই লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। শেষ পর্যন্ত এর ক্ষতি জনগণেরই হলো।"
জামায়াত আমির আরও বলেন, এটি কেবল একটি হাসপাতাল নয়, বরং একটি মেডিকেল কলেজ। এখানে প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং নার্সিং কোর্স চালু রয়েছে। লাইসেন্স বাতিল করায় এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। জনস্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের দায়ে শেষ পর্যন্ত হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
মানবকণ্ঠ/ডিআর




Comments