ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক ‘উধাও’
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কুড়িয়ে পাওয়া এক নবজাতক উধাও হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুন) দিনে-দুপুরে হাসপাতাল থেকে নবজাতকটি নিখোঁজ হওয়ার ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রাম সংলগ্ন সড়কের পাশ থেকে এক সপ্তাহ বয়সী ওই ছেলে শিশুটিকে উদ্ধার করেন কাওছার নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক। শিশুটির হাতে ক্যানোলা লাগানো ছিল এবং সে বেশ অসুস্থ ছিল। পরে মানবিক দিক বিবেচনা করে কাওছার তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু ভর্তির তিন দিন পর বৃহস্পতিবার হঠাৎ করেই শিশুটিসহ তাকে উদ্ধারকারী ব্যক্তি ও তার স্ত্রীকে হাসপাতালে আর খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়দের অনেকের ধারণা, নবজাতকটি হাসপাতাল থেকে চুরি হয়ে থাকতে পারে। তবে ভিন্ন একটি তথ্যও পাওয়া গেছে। স্থানীয় একজন ব্যবসায়ী জানান, অটোরিকশা চালক কাওছার তাকে ফোনে জানিয়েছেন যে, হাসপাতালে নিরাপত্তার অভাব বোধ করায় তিনি নবজাতকটিকে নিজের বাড়িতে নিয়ে গেছেন।
কাওছারের দাবি, হাসপাতাল থেকে শিশুটিকে সরিয়ে নেওয়ার বা বড় অংকের অর্থের বিনিময়ে কিনে নেওয়ার চেষ্টা করছিল একটি পক্ষ। তবে তিনি কোনো কিছুর বিনিময়েই শিশুটিকে হাতছাড়া করতে রাজি নন।
এদিকে, সরকারি হাসপাতাল থেকে এভাবে একজন চিকিৎসাধীন নবজাতক উধাও হয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনরা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে তীব্র সমালোচনা করছেন।
এ বিষয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, "যারা নবজাতকটিকে এনে ভর্তি করিয়েছিলেন, তারা কাউকে কিছু না জানিয়েই তাকে নিয়ে চলে গেছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, তাদের খোঁজা হচ্ছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments