‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির
বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে হাইকমিশনারের দেওয়া মন্তব্যের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে আসা দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাঁর নজরে এসেছে। সেখানে তিনি ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’র কথা বলেছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে কী বুঝাতে চেয়েছেন, সরকারের উচিত তাঁর কাছ থেকে এ বিষয়ে দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, ভারত যেমন একটি স্বাধীন ও শক্তিশালী দেশ, বাংলাদেশও তেমনি একটি আত্মমর্যাদাশীল, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হতে পারে।
ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সরকারের কাছে এ বিষয়ের দ্রুত সুরাহা চাই। হাইকমিশনার যদি আক্ষরিক অর্থেই দুই দেশ এক হয়ে যাওয়ার কোনো ইঙ্গিত দিয়ে থাকেন, তবে তা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক শিষ্টাচারের স্বার্থেই এ ধরনের স্পর্শকাতর বক্তব্যের ব্যাখ্যা জনসম্মুখে আসা জরুরি।”
মানবকণ্ঠ/ডিআর




Comments