Image description

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকারও কেন্দ্রীয় ব্যাংক, ইসলামী ব্যাংক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় অনুগত ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে। যোগ্য উপাচার্যদের সরিয়ে দলীয় পদধারীদের বসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রশাসক পদে দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টারই অংশ। তিনি বলেন, দেশের মানুষ অনির্বাচিত প্রশাসক নয়, বরং ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়।

ইতিহাসের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন চালু করেছিলেন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। দেশের জনগণ কখনোই একদলীয় শাসনব্যবস্থা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ফলেই দেশে ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনের শহীদ ও আহতদের অবদানকে অবমূল্যায়ন করা হলে তা তাদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলেও উল্লেখ করেন।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া পুরোপুরি সুষ্ঠু হলে ১১ দলীয় জোট বিজয়ী হতো বলে দাবি করেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় একটি বিশেষ প্রেক্ষাপটে ফলাফল মেনে নেওয়া হয়েছে বলেও জানান।

তিনি বলেন, নির্বাচনে প্রায় ৬৭ শতাংশ ভোটার অংশ নিয়েছেন এবং তাদের রায়ের যথাযথ মূল্যায়ন করা উচিত। গণতন্ত্র রক্ষার জন্য জনগণের রায়কে সম্মান করা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে অনেক ভুল করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। 

সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা মো. আবদুল জব্বার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল, নূরুল ইসলাম সাদ্দাম এবং মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

পরে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মাওলানা আবদুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। পাশাপাশি নগরীর ২৭টি ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়।