Image description

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।  

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও জানান, বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন।

এদিকে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।