জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে আসে।” তিনি বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, সংসদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বিদ্যুৎ পরিস্থিতি বোঝা যায় না। বাস্তব অবস্থা জানতে সাধারণ মানুষের মধ্যে যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। নিত্যপণ্যের দামও কমেনি। বেকার তরুণদের এখনো চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরতে হচ্ছে।
বন্যার সময় ১২ কোটি টাকা সংগ্রহের বিষয়ে ওঠা সমালোচনার জবাবে হাসনাত বলেন, দুর্যোগের সময় সংগৃহীত সব অর্থ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়।
এদিকে, হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সোনাগাজী ও ফেনী শহরে দলের নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে দুই দফা হাতাহাতির ঘটনাও ঘটে। এর আগে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।




Comments