১১ দলীয় জোটের সমাবেশে যোগ দিতে লালমোহন থেকে সহস্রাধিক নেতাকর্মীর যাত্রা
গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দিতে ভোলার লালমোহন উপজেলা থেকে সহস্রাধিক নেতাকর্মী লঞ্চযোগে রওনা হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ৭টায় লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে এই যাত্রায় অংশ নেন।
সকাল থেকেই লালমোহন লঞ্চঘাটে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। মিছিলে মিছিলে স্লোগান দিয়ে তারা ঘাটে জড়ো হন। উপজেলা আমীর মাওলানা আব্দুল হক জানান, বিভাগীয় সমাবেশ সফল করতে লালমোহনের প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবার প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ বিকেল ২টায় এই বিভাগীয় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন এবং সরকারকে চাপে রাখতে এই সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্যজোট। সমাবেশকে কেন্দ্র করে বরিশাল বিভাগজুড়ে ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments