Image description

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

পারিবারিক সূত্র জানায়, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চলাফেরার জন্য হুইলচেয়ার ব্যবহার করতেন। ব্যক্তিগত জীবনে ডা. দীপু মনি ও তৌফিক নেওয়াজ দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুতে স্বজন ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে স্বামীর শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে ডা. দীপু মনির সাময়িক প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হচ্ছে। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বরাবর তার সাময়িক প্যারোলে মুক্তির আবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার হন ডা. দীপু মনি। বর্তমানে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬০টিরও বেশি মামলা রয়েছে।

আইন অনুযায়ী, কোনো বন্দীর বাবা-মা, স্বামী-স্ত্রী কিংবা নিকটাত্মীয়ের মৃত্যুতে জানাজা বা শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের প্রশাসনিক আদেশে নির্দিষ্ট সময়ের জন্য (সাধারণত সর্বোচ্চ ১২ ঘণ্টা) প্যারোলে মুক্তি দেওয়া হয়। ২০১৬ সালের প্যারোল নীতিমালা অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।

ডিআর