Image description

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের ‘অ্যারাবিকা’ রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা একটি প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে একটি পুরোনো প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যারাবিকা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

ডিআর