Image description

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তাকে একইসঙ্গে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রার্থিতা ঘোষণা করেন।

মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। তিনি এর আগে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

প্রার্থিতা ঘোষণার সময় মাওলানা আব্দুল হালিম বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের আলোচনার ভিত্তিতেই দেলাওয়ার হোসেনকে ঠাকুরগাঁও-১ আসনে জোটের প্রার্থী করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে আমাদের প্রার্থী বিজয়ী হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়, যার প্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুরের সাবেক জেলা আমির মাওলানা আনোয়ারুল ইসলাম, নীলফামারীর সাবেক জেলা আমির আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিআর