Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবাই মিলে বাংলাদেশকে মানবিক, ইনসাফভিত্তিক ও গর্বের দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান জানান, মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগীই বিজয়ী হয়েছেন। তিনি এ অর্জনকে দেশের জন্য গৌরবের বলে উল্লেখ করে বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর আহ্বান জানান।

তিনি বলেন, নৈতিক শিক্ষার বিকাশে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কওমি শিক্ষাব্যবস্থা ও হিফজুল কুরআনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সরকারি সহযোগিতা দেওয়া উচিত। একই সঙ্গে মাদ্রাসা ও সাধারণ শিক্ষার সমন্বিত শিক্ষাব্যবস্থাকে আরও উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

হাফেজদের অর্জনকে জাতীয় গৌরব হিসেবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন জামায়াতের আমির।

এসএস