কয়েক বছর ধরে পর্দার আড়ালে রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা সাদিকা পারভিন পপি। একসময় সিনেপাড়ায় নিয়মিত দেখা মিললেও এখন তার খবর নেই কারও কাছে। বিয়ে করে মা হয়েছেন পপি। এমনই খবরও রটে। তবে এসব নিয়ে মুখ খোলেননি নায়িকা। আড়ালে যাওয়ার আগে কয়েকটি সিনেমায় কাজ করছিলেন পপি। প্রতিটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ পপির নিখোঁজে বিপাকে পড়েন ছবিগুলোর প্রযোজক-পরিচালকরা।
আড়ালে যাওয়ার কারণে সেই তিনটি সিনেমার প্রযোজক বেশ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। কাজ শেষ না হওয়ার কারণে সিনেমাগুলো মুক্তিও দিতে পারছেন না।
২০১৮ সালের প্রথম দিকে আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় শুরু করেন পপি। প্রায় একই সময় রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ নামে আরও একটি সিনেমায় কাজ করেন।
২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হন। প্রযোজকের ভাষ্যমতে, এ সিনেমার এক লাখ টাকা সাইনিং মানি নিয়েছেন পপি। এ সিনেমার কাজ অবশ্য শুরু হয়নি। তবে অন্য দুটি সিনেমার কাজ অর্ধসমাপ্ত।




Comments