পাংশায় পুলিশের ওপর হামলা: দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত, গ্রেপ্তার ১
রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি ও হামলা ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য এবং স্থানীয় একজন ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ আলম শেখ (৩২) নামের এক আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, পাংশা মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, এএসআই পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানের নেতৃত্বে একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযানে যায়। অভিযান চলাকালীন সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬) সহ ১০-১২ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পনা অনুযায়ী ওত পেতে ছিল। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল (৫৫) গুলিবিদ্ধ হন এবং এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। হামলার সময় আলম শেখ এক পুলিশ সদস্যকে কিল-ঘুষি মেরে আহত করে পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, ‘এ ঘটনায় আলম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।’




Comments