ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কাছে ঝোপ থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপির সমর্থক আবু বকর ছিদ্দিকের মুঠোফোনে একজন অপরিচিত ব্যক্তি ফোন করে জানান যে, ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য বোমা রাখা হয়েছে। পরবর্তীতে আবু বকর ছিদ্দিক পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউপি কার্যালয়ের পেছনের ঝোপে তল্লাশি চালায় এবং একটি শপিং ব্যাগে ভরা ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান জানান, "নাশকতা ঠেকাতে আমাদের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সম্ভবত এই কারণে দুর্বৃত্তরা বিস্ফোরকগুলো ওই ইউনিয়ন পরিষদের পেছনে ফেলে যায়। শপিং ব্যাগের ভেতরে পাঁচটি ছোট-বড় ককটেল এবং দুটি পেট্রলবোমা ছিল। আমরা মুঠোফোন নম্বরটি সংগ্রহ করেছি এবং কারা এই নাশকতার চেষ্টা করেছে, তা শনাক্তের চেষ্টা করছি।"




Comments