বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এদিকে, ঢাকায় ফরাসি দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও সাক্ষাতের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, সেনাপ্রধান ও রাষ্ট্রদূতের মধ্যে বাংলাদেশ ও ফ্রান্সের সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এর আগে গত ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফরাসি রাষ্ট্রদূত। সে সময় তিনি গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত তখন বলেছিলেন, ‘বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং সহযোগিতার ক্ষেত্র বিস্তারের জন্য এটি একটি উপযুক্ত ও গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
উল্লেখ্য, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বেশ দৃঢ়। বাংলাদেশ প্রধানত তৈরি পোশাক, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্য ফ্রান্সে রপ্তানি করে। অন্যদিকে ফ্রান্স থেকে রাসায়নিক পণ্য, ইলেকট্রনিকস এবং পরিবহন সামগ্রী আমদানি করা হয়। দুই দেশ দূতাবাস ও কনসুলেটের মাধ্যমে নিয়মিত অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ রক্ষা করে আসছে।




Comments