Image description

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নাহিদ হাসান (২০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান বগুড়া জেলার শিবগঞ্জ থানার জিগাতলা এলাকার শাহিনুর আলমের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দুটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাক দুটি সূত্রাপুর এলাকায় পৌঁছালে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নাহিদ নিহত হন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।