ঢাকা-২০ ধামরাই আসনে এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা-কলি প্রতীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে।
বুধবার (১০ ডিসেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দলটির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর মধ্যে ঢাকার ধামরাই আসনের প্রার্থী হিসেবে নাবিলা তাসনিদের নাম ঘোষণা করেন।
দলের প্রার্থী ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ধামরাইয়ের একাধিক মনোনয়ন প্রত্যাশী। তারা জানিয়েছেন, দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রার্থী নাবিলা তাসনিদকে জয়যুক্ত করতে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
প্রার্থী নাবিলা তাসনিদ জানান, ‘আমি দেশের মানুষ, বিশেষ করে ধামরাইবাসীর পাশে দাঁড়াতে এবং ধামরাইয়ের উন্নয়ন করতে চাই। ইঞ্জিনিয়ার ও এমবিএ পড়া হিসেবে প্রায় ১০ বছর মার্চেন্টাইজ কোম্পানিতে কাজ করেছি, সেই অভিজ্ঞতা জনগণের কল্যাণে কাজে লাগাবো। আমি জনগণের মতামতকে স্বাগত জানাই এবং নির্বাচনের সময় যেসব কথা দেওয়া হবে, সেগুলো বাস্তবে রূপান্তরিত করব। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।’
বড় দলগুলো নিয়ে তিনি বলেন, ‘বড় দল বলতে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, সবাইই যোগ্য। জনগণের কল্যাণে যারা কাজ করবে, তাকেই মানুষ বেছে নেবে। তবে সব কিছুই জনগণের ম্যান্ডেটের ওপর নির্ভর করবে।’
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন না পেলেও মনোনয়ন ফরম ক্রয় করে নিজেকে এমপি প্রার্থী দাবি করেছিলেন আসাদুল ইসলাম মুকুল। বিষয়টি নিয়ে ধামরাইয়ে সমালোচনার ঝড় তৈরি হয়েছে।




Comments