বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চিরুনি অভিযান চালিয়ে ঘাতক ভাতিজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফেরদৌসের ছেলে রাকিবুল হাসান সিয়াম (১৬) এবং একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শেরপুর থানার এসআই মো. সাইফ, মো. রকিবুল ইসলাম ও বিকাশসহ পুলিশের একটি চৌকস দল তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, চাচার জমির প্রতি লোভ এবং কীটনাশক প্রয়োগ করে খামারের মুরগি মারা হয়েছে এমন সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। নিহত ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল সম্পর্কে অভিযুক্ত রাকিবুল হাসান সিয়ামের আপন চাচা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, জমির প্রতি লোভ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, হত্যার পরপরই পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। নিহতের জানাজা শেষে ঘাতক ভাতিজা সিয়ামের শরীরের অস্বাভাবিক কাঁপাকাঁপি দেখে পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments