বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা হতে হবে সম্পূর্ণ নিশ্ছিদ্র; বেহুলার বাসরঘরের মতো যেন কোনো ফাঁক বা ছিদ্র না থাকে।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় মহিলা কলেজের পাশে ‘আমরা বিএনপির পরিবার’-এর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের স্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, “আমরা বারবার বলেছি—চেয়ারম্যান মহোদয়ের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হতে হবে। আপাতদৃষ্টিতে আমরা সেই মাত্রার উদ্যোগ দেখতে পাচ্ছি না।”
তিনি জুলাই গণ-আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে বিএনপি চেয়ারম্যানের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলেন, “আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।”
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “আমরা আশা করছি, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে। তবে কিছু দৃষ্টান্ত ও নির্বাচন কমিশনের আচরণ দেখে মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে—নিরপেক্ষতার জায়গায় কোনো চির ধরছে কি না। নির্বাচন কমিশন যেন প্রতিটি ভোটারের জন্য নিরপেক্ষ আচরণ নিশ্চিত করে এবং কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির সুযোগ না থাকে।”
তিনি আরও বলেন, “একটি দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত তাদের নিজস্ব বিষয়। তবে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়।”
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদসহ আরও অনেকে।
মানবকণ্ঠ/আরআই




Comments