Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ ব্যাপক গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মধুপুর পৌর শহরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন। ‘তালা’ প্রতীক নিয়ে লড়ছেন এই প্রার্থী।

গণসংযোগকালে লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ মধুপুর ও ধনবাড়ী উপজেলার সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আমি জনসেবা ও এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশ নিয়েছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাকে আশাবাদী করে তুলছে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করছি। ভোটাররা যদি নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তবে তালা প্রতীকের জয় সুনিশ্চিত।"

নির্বাচনি প্রচারণাকালে তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তারা ‘তালা’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

মানবকণ্ঠ/ডিআর