ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংসদ নির্বাচনের মতো একটি জটিল ও স্পর্শকাতর রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা সমীচীন নয়।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কাজে যুক্ত হলে ছাত্ররা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কের মুখে পড়তে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংক্রান্ত আইনে যাদের দায়িত্বের কথা বলা হয়েছে, নির্বাচনী কাজে কেবল তাদেরই নিয়োজিত করা উচিত। তিনি জানান, ছাত্রদের পর স্কাউটদের যুক্ত করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে নির্বাচন কমিশন বিএনপির বক্তব্যের যৌক্তিকতা স্বীকার করেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের একটি গুঞ্জন শোনা গেলেও নির্বাচন কমিশন জানিয়েছে—এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। এছাড়া কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী নিজেদের এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় অবস্থান করছেন বলেও অভিযোগ করেন তিনি। আইনে বাধা না থাকলেও, বিশৃঙ্খলা এড়াতে ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগতদের এলাকা ত্যাগ করা উচিত বলে বিএনপি মত দিয়েছে। এ বিষয়ে কমিশন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
নির্বাচনী পর্যবেক্ষক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, প্রায় ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠান রয়েছে। বিএনপির মতে, যাদের পর্যবেক্ষণের সক্ষমতা আছে, কেবল তাদেরই এই দায়িত্ব দেওয়া উচিত। একই সঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষকের কারণে যেন ভোটকেন্দ্রের কাজে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও কমিশনের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর হয়েছে। যদিও নির্বাচন কমিশনের হিসাবে এ সংখ্যা মাত্র দুই থেকে তিন হাজার, তবে বিএনপি এই তথ্যে সন্তুষ্ট নয়। অনেক ক্ষেত্রে একটি হোল্ডিংয়ে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভোটার থাকার অভিযোগও তুলে ধরা হয়। আসনভিত্তিক সঠিক তথ্য চাওয়া হয়েছে এবং কমিশন তদন্তের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া নির্বাচনী এলাকায় ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও দৃশ্যমান করার দাবি জানিয়েছে বিএনপি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে।
মানবকণ্ঠ/আরআই




Comments