Image description

নির্বাচনি প্রচার মানেই বিশাল মোটরসাইকেল মহড়া, মাইকের কানফাটানো আওয়াজ আর শত শত কর্মীর স্লোগান—এমন চেনা ছবির বাইরে গিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রচারণার জন্য তিনি বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন পথ। কোনো কর্মী বা সমর্থকদের বহর ছাড়াই একটি অটোরিকশায় চড়ে একাই ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, একটি সাধারণ অটোরিকশা ভাড়া করে তাতে দুটি মাইক লাগিয়ে নিজেই প্রচারণা চালাচ্ছেন তিনি। কখনো নিজেই হ্যান্ডমাইক হাতে কথা বলছেন, কখনো আবার রেকর্ড করা বার্তা শুনিয়ে সাধারণ মানুষের কাছে নিজের সালাম ও ভোট প্রার্থনা করছেন। নির্বাচনি এই ডামাডোলে এমন সাদামাটা প্রচারণা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় বাসিন্দা সাগর আহম্মেদ বলেন, “বর্তমান সময়ে বড় বড় মিছিল-মিটিং ছাড়া নির্বাচন ভাবাই যায় না। সেখানে তিনি একাই অটোরিকশা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে।”

কেন এই ভিন্নধর্মী প্রচারণা এমন প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা মানবকণ্ঠ-কে বলেন, “আমি জনগণের সেবক হয়ে সংসদে যেতে চাই। মিছিল-মিটিং বা বিশাল জনসভা করে আমি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চাই না। আমি মনে করি, আমার শক্তিই হলো সাধারণ জনগণ। তাই আমি কোনো ভাড়াটে কর্মী রাখি না। কারণ কর্মীরা অনেক সময় জনগণের আবেগ বোঝে না এবং তাদের সাথে খারাপ আচরণ করতে পারে।”

তিনি আরও যোগ করেন, “অন্যান্য প্রার্থীরা ভোটারদের চা-পান করান, কিন্তু আমার ক্ষেত্রে চিত্র উল্টো। মানুষ ভালোবেসে আমাকে এক কাপ চা খাওয়ার অনুরোধ করেন। জনগণের এই ভালোবাসাই আমাকে সাহস জোগাচ্ছে।”

গোলাম মোস্তফার এই ব্যতিক্রমী প্রচারণার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল। স্থানীয় সচেতন মহলের মতে, অর্থ ও ক্ষমতার দাপটের বিপরীতে তার এই সাধারণ জীবনযাপন ও প্রচারণার কৌশল রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর