নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠে থাকবে তিন বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাহাড়, সমতল ও উপকূলীয় ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা, নৌ ও বিমানবাহিনী একযোগে মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের ভৌগোলিক বৈচিত্র্য ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে নির্বাচন নির্বিঘ্ন করতে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি অনুযায়ী যে এলাকায় যত জনবল প্রয়োজন, সেভাবেই সদস্য মোতায়েন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে একটি সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুল ব্যবহৃত শব্দ। তবে বর্তমান সরকার নির্বাচনকে সবার জন্য সমান ও অংশগ্রহণমূলক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
নির্বাচনকালীন ইন্টারনেটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্বাচনের সময় ইন্টারনেট সম্পূর্ণ খোলা রাখার পরিকল্পনা রয়েছে। কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধ বা ধীরগতি করার চেষ্টা করে, তবে তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।’ এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা আমাদের জাতীয় অঙ্গীকার। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো মূল্যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসারসহ সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments