Image description

পটুয়াখালীর বাউফলের কালীশুরী রূপালী ব্যাংক শাখার কোষাধ্যক্ষ মোঃ তাহমিন হাচানকে (৩২) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কালীশুরী বাজার সংলগ্ন ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে। আহত তাহমিন হাচান ওই ব্যাংকের কালীশুরী শাখার কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

ব্যাংক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কোষাধ্যক্ষ তাহমিন হাচান ও ব্যাংকের অপর কর্মকর্তা আল ইমরান মিলে অফিসের পাশে একটি দোকানে চা খেতে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার মোঃ সাকিব (৩৫) সহ ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাহমিন হাচানকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ সময় কর্মকর্তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর