রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে চলমান আন্দোলন থেকে প্রায় আড়াই ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সংক্রান্ত সুপারিশের প্রতিবাদে এ অবরোধ করেন।
শিক্ষার্থীরা আন্দোলন শেষে দাবি আদায়ের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান জানিয়েছেন, সময়সীমার মধ্যে দাবি না মানা হলে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকায় যোগ দিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ের দুই পাশে অবস্থান নেন। আড়াই ঘণ্টা অবস্থানের ফলে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা সড়ক ছাড়ার পরে যান চলাচল স্বাভাবিক হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “ঢাকার ব্যস্ততম সড়কে অবরোধ থাকায় চতুর্দিকে যানজট লেগে যায়। শিক্ষার্থীরা সড়ক ছাড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
শিক্ষার্থীরা আগামীকাল বুধবার পবিত্র শবে বরাতের ছুটির কারণে কোনো কর্মসূচি রাখবেন না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments