Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও পটুয়াখালী সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, "সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক পরিবর্তনের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন।"

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ারে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, "জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমেই দেশে সুশাসন ও প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আগামী নির্বাচনে সবাইকে নির্ভয়ে এবং সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। দেশ ও জাতির স্বার্থে গণতান্ত্রিক শক্তির পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমি পটুয়াখালীবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই।"

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান ও মোঃ জসিম উদ্দীন হাওলাদার।

বিএনপি নেতা মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর