সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের ওপর ময়মনসিংহে দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৩টি ফ্রেমে দেশ-বিদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের শতাধিক দুর্লভ ছবি স্থান পায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণের মুক্তমঞ্চে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি, ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। এই প্রদর্শনীর মাধ্যমে তরুণ সমাজ দেশের প্রকৃত ইতিহাস ও তাঁর অবদান সম্পর্কে জানতে পারবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু এবং দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুন।
মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া ও কালচারাল সোসাইটি ঢাকার নাট্য সম্পাদক বিভান বাদল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই ভ্রাম্যমাণ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে তাঁর শপথ গ্রহণ, বিভিন্ন রাষ্ট্রীয় সফর এবং রাজপথের আন্দোলনের ছবিগুলো দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments