Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাশাকৈর এলাকা থেকে কবরী আক্তার (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত কবরী আক্তার উপজেলার বাশাকৈর গ্রামের কাবেল উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাঁর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তাঁর একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কবরী আক্তার তাঁর নিজ ঘরে একা ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁর ছেলে বাইরে থেকে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের আড়ার সাথে কবরীর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মানবকণ্ঠ/ডিআর