ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবার সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইশতেহার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অনুষ্ঠানের পরিচালনা করবেন।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন জানান, ইশতেহারে প্রাথমিকভাবে ৩১ দফার কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিকল্পনা দেশের প্রতিটি বিভাগ, জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়িত হবে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য সাধারণ মানুষের ক্ষমতায়ন, স্বাধীনতা ও স্বনির্ভরতা নিশ্চিত করা। ইশতেহারের প্রতিটি ধাপ বাস্তবভিত্তিক ও টেকসই। দেশ, জনগণ ও তাদের পরিবার যাতে উন্নত জীবন যাপন করতে পারে, সেটিই আমাদের মূল উদ্দেশ্য।”
মাহদী আমীন আরও জানান, ইশতেহারটি দলের শীর্ষ নেতৃত্বের ভিশন এবং সাধারণ মানুষের চাহিদা মেলাতে সাজানো হয়েছে। এটি দেশের জনগণকে সাথে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকল্প হিসেবে পরিকল্পিত।
মানবকণ্ঠ/আরআই




Comments