খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম শিগগিরই কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে। এতে সামগ্রিকভাবে এলপি গ্যাসের ওপর করের চাপ কমবে এবং এর সরাসরি প্রভাব পড়বে খুচরা বাজারে। ফলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন রমজান মাসের অফিস সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টা পরিষদের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৮৩ দশমিক ৪৬ শতাংশ।
এছাড়া এ সময়ের মধ্যে ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়। নতুন ঘোষিত করছাড় কার্যকর হলে এ দামে শিগগিরই পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments