Image description

ইয়েমেনের হুথি বাহিনীর বিরুদ্ধে সৌদি আরবকে সহায়তা দেওয়ার অনুরোধ বিবেচনা করছে যুক্তরাজ্য। সৌদি আরব হুথিদের অগ্রযাত্রা ঠেকানো এবং নিজেদের তেল অবকাঠামো সুরক্ষায় লন্ডনের কাছে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা চেয়েছে বলে ব্লুমবার্গের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব বিশেষ করে ইয়েমেনের লোহিত সাগর উপকূল দিয়ে হুথিদের অগ্রযাত্রা ঠেকানো এবং বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা চেয়েছে। তেল স্থাপনায় হামলা মোকাবিলায় সহযোগিতার বিষয়টিও অনুরোধের মধ্যে রয়েছে।

যুক্তরাজ্য এখন পর্যন্ত সৌদির অনুরোধে সামরিকভাবে সরাসরি যুক্ত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে ব্রিটিশ সরকার হুথিদের হামলার নিন্দা করে সৌদি আরবের নিরাপত্তা ও লোহিত সাগর-বাব আল-মান্দেব দিয়ে চলাচলের স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে সরকার জানিয়েছে, তারা মিত্রদের সঙ্গে মিলে বাব আল-মান্দেব দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে কাজ করছে। ইয়েমেনের উপকূলীয় নিরাপত্তা জোরদার ও সামুদ্রিক নিরাপত্তা বাড়াতেও দেশটি অংশীদারদের সঙ্গে কাজ করছে।

এদিকে হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রায় বাব আল-মান্দেব প্রণালি ঘিরে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করে এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের কাছেও হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চেয়েছিলেন। তবে ওয়াশিংটন সরাসরি সামরিক অভিযানে না গিয়ে সৌদিকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে সহায়তার কথা জানিয়েছে।

এসএস