জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ ছাত্রী। তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার একই বিদ্যালয়ের আরও সাত ছাত্রী অসুস্থ হয়েছিল। সব মিলিয়ে দুই দিনে ২৯ ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দশম শ্রেণির সাত ছাত্রী হঠাৎ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকেরা তাদের বাড়িতে নিয়ে যান। বুধবার দুপুরের পর পাঠদান চলাকালে ষষ্ঠ থেকে নবম শ্রেণির কয়েকজন ছাত্রী হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করে। একপর্যায়ে তাদের শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা দেয়। পরে একে একে কয়েকজন শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকেরা অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিনজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁকড়া পিংলু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম বলেন, মঙ্গলবার সাতজন এবং বুধবার আরও ২২ ছাত্রী অসুস্থ হয়েছে। দুই দিনে মোট ২৯ ছাত্রী অসুস্থ হয়েছে।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, অসুস্থ শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ম্যাস সাইকোজেনিক সমস্যার কারণে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসএস




Comments